দখলমুক্ত করে নয়নের খালের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দখলমুক্ত করে নয়নের খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। খাল, নদী ও জলাশয় রাষ্ট্রের সম্পদ। এগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকতে পারে না।
শুক্রবার (১৯ জুন) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভায় ঐতিহ্যবাহী নয়নের খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন খনন ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটি ভরাট ও দখল হয়েছে। ইতোমধ্যে দখলদারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। পুনঃখননের পাশাপাশি উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, খালের দুই পাশে রিটেইনিং ওয়াল ও ফুটপাত নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা ও পরিবেশ উন্নয়ন নিশ্চিত করা যায়।
এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



