যেখানে সুস্থ করে ছাড়া হলো শিকারির ফাঁদে আটকা পড়া হরিণটি

সুন্দরবনে কঠোর নজরদারির মধ্যেও শিকারিদের পাতা সিটকা ফাঁদে আটকা পড়া একটি হরিণ জীবিত উদ্ধার করেছে বন বিভাগ। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটি আবারও বনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যপীরের ভারানী এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ওই এলাকায় নিয়মিত পায়ে হেঁটে টহল (ফুট পেট্রোলিং) পরিচালনা করছিল। এ সময় লোকালয় থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে সত্যপীরের ভারানী এলাকায় শিকারিদের পাতা একটি সিটকা ফাঁদে আটকা পড়া হরিণ দেখতে পান তারা।
পরে জীবিত অবস্থায় হরিণটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর সেটিকে আবার সুন্দরবনের একই এলাকায় অবমুক্ত করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলের আশপাশ থেকে আরও ১২টি সিটকা ফাঁদ জব্দ করেন বন বিভাগের সদস্যরা।
এ বিষয়ে সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, উদ্ধার করা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার পর বনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।





