আদালতে জামিন নিতে গিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা ও মারামারির অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. রাব্বি শরীফকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (১৬ সেপ্টেম্বর) পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাব্বি শরীফ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি রতন মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে পূর্ববিরোধের জেরে ভুক্তভোগীদের পথরোধ করে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, আসামিরা ধারাল অস্ত্র ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে কয়েকজনকে জখম করে। এ সময় নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়।
এ ঘটনায় মো. ফারুক হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন—সাব্বির হোসেন (২২), সালাম শরীফ (৫০), মো. আবু রহিম (২২) ও রিয়াদুল শরীফ (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ (২) ধারায় নথিভুক্ত করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে আসামিপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


