ইটনার হাওরে চলন্ত নৌকায় ডাকাতি

কিশোরগঞ্জের ইটনায় হাওরে চলন্ত একটি নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা নগদ ৭৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ইঞ্জিনের প্রয়োজনীয় সরঞ্জাম ও হাঁড়ি-পাতিল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন বগাডুবি খালের কাছে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী সদরঞ্জন দাস জানান, তারা কয়েকজন মিলে হাঁসের বাচ্চা কিনতে নৌকাযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরা সাতজনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাদের নৌকার গতিরোধ করে। পরে নৌকায় থাকা নগদ ৭৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ইঞ্জিনের সরঞ্জাম ও হাঁড়ি-পাতিল লুট করে নিয়ে যায়।
নদীতে পাহারার দায়িত্বে থাকা ফুল মিয়া বলেন, বগাডুবি খালের দিক থেকে একটি নৌকা থেকে চিৎকার শুনে আমি সেখানে যাই। গিয়ে দুই ব্যক্তিকে আতঙ্কিত অবস্থায় দেখতে পাই। পরে তাদের উদ্ধার করে বর্শিকুড়া বাজারে নিয়ে আসি।
বর্শিকুড়া এলাকার বাসিন্দা রুমেল মিয়া বলেন, খবর পেয়ে বাজার থেকে কয়েকটি নৌকা নিয়ে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করেন। তবে ডাকাতদের নৌকাটি এলংজুরী ইউনিয়নের দিকে চলে যাওয়ায় অন্ধকারের কারণে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




