নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়াতে জামায়াতের প্রত্যয়ন, সাক্ষী-জিম্মাদার বিএনপি নেতারা

নড়াইলের লোহাগড়ায় জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সজিব মোল্যাকে আটকের পর জামায়াতে ইসলামীর নেতার প্রত্যয়নপত্রের ভিত্তিতে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা জামায়াতের আমির। একই সঙ্গে জিম্মাদার ও সাক্ষী হিসেবে উল্লেখ করা বিএনপি নেতারাও নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সজিব মোল্যাকে আটক করে লোহাগড়া থানার পুলিশ। পরে সন্ধ্যার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
সজিব মোল্যা লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব মোল্যার ছেলে। তার বাড়ি নলদী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সজিবকে ছাড়ার ক্ষেত্রে লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাদিউজ্জামানের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মশিয়ার রহমান মোল্যাকে সাক্ষী এবং নলদী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও বিএনপি নেতা মিজানুর রহমানকে জিম্মাদার দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় নলদী ইউনিয়নের স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিএনপির কয়েকজন নেতা সহযোগিতা করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজিবকে পুলিশের কাছ থেকে ছাড়ানোর কোনো প্রশ্নই আসে না। ওসি শরিফুল ইসলাম জানিয়েছেন, সজিব নাকি জামায়াতের কর্মী, তাই উপজেলা জামায়াতের নেতা প্রত্যয়ন দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন। বিএনপির কোনো নেতা এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে প্রত্যয়নপত্রে নিজের স্বাক্ষর থাকার বিষয়টি অস্বীকার করে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাদিউজ্জামান বলেন, ‘এ ব্যাপারে ওসির সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমার স্বাক্ষর জাল করে কে বা কারা ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছে।’
অন্যদিকে সাক্ষী হিসেবে উল্লেখ করা লদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মশিয়ার রহমান ও জিম্মাদার হিসেবে উল্লেখ করা বিএনপি কর্মী মিজানুর রহমানও সজিবকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তারা।
এদিকে লোহাগড়া পৌরসভা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইমরান হোসাইন বলেন, ‘সজিব ২০২৩ সালের পর থেকে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে বর্তমানে জামায়াতের কর্মী হিসেবে কাজ করছেন।’
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘উপজেলা জামায়াতের আমির হাদিউজ্জামানের লিখিত প্রত্যয়ন এবং পৌরসভার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন সজিবকে তাদের নলদী ইউনিয়নের জামায়াতের কর্মী বলে দাবি করেন। পরে নলদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মশিয়ার রহমানকে সাক্ষী রেখে ইউপি সদস্য ও বিএনপি কর্মী মিজানুর রহমানের জিম্মায় সজিবকে ছেড়ে দেওয়া হয়েছে।’


