কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে বজ্রপাতে তুফা প্রধান (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বৃষ্টির মধ্যে মাঠে সার ছিটানোর সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত তুফা প্রধান স্বস্তিপুর গ্রামের মসজিদপাড়ার আব্দুল মান্নান প্রধানের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে স্বস্তিপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশের মাঠে বৃষ্টির মধ্যে সার ছিটাচ্ছিলেন তুফা প্রধান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের কৃষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রাম পুলিশের মাধ্যমে খবরটি পেয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


