পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন ক্রেতারা।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বকশীগঞ্জ পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ না করায় ভোগান্তিতে পড়েন যানবাহন চালকরা। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন চালক সড়কে নেমে প্রতিবাদ জানিয়ে প্রায় ১৮ থেকে ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়।
পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবরোধ তুলে নিলে চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মন্জুরুল এশিয়া পোস্টকে বলেন, গতকাল (শুক্রবার) রাত থেকে পাম্পে তেল না থাকায় কিছুটা জটলা লেগে থাকে। আজ সকালেও একই অবস্থা দেখা যায়। পরে গাড়ি চালকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা তাদেরকে সরিয়ে দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।