logo

সৌদির সঙ্গে মিল রেখে মির্জাখীল দরবারে শুক্রবার ঈদ

সৌদির সঙ্গে মিল রেখে মির্জাখীল দরবারে শুক্রবার ঈদ

চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ওপর ভিত্তি করে দীর্ঘ দুই শতাব্দী ধরে ধর্মীয় উৎসব পালনের ঐতিহ্য মেনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে এরই মধ্যে ঈদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দরবার সূত্র জানায়, প্রায় দুইশ বছর ধরে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা হানাফী মাযহাবের অনুসরণে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও চন্দ্র মাস সংশ্লিষ্ট অন্যান্য ধর্মীয় বিধান পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় মক্কা-মদীনাসহ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার এই ঈদ উদযাপিত হবে।

মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান। তিনি তার পূর্বসূরি হজরত শাহ জাহাঙ্গীর শেখুল আরেফীন (কঃ) থেকে শুরু করে পরবর্তী সাজ্জাদানশীনদের প্রদর্শিত নীতি অনুযায়ী এ দায়িত্ব পালন করবেন।

এছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া ও সীতাকুণ্ডের বিভিন্ন গ্রাম ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে এই ঈদ পালিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলোফেনী, কুমিল্লা, ঢাকা, সিলেট, বরিশাল, বান্দরবান এবং কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা।

এ বিষয়ে মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মছউদুর রহমান জানান, তারা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দ্রাঘিমাংশ ও অক্ষাংশে চাঁদের অবস্থান বিশ্লেষণ করেন। এছাড়া বিভিন্ন দেশি-বিদেশি সংবাদমাধ্যমের সাহায্যে আরব বিশ্বে চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হয়েই আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।