জামালপুরে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ২

জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার বাসিন্দা মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) ও তুষার (৩৮)। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও আহতদের স্বজনরা জানান, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বেতমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী মারা যান। গুরুতর আহত আরেক নারীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিনজন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার বলেন, দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
.png)






