যে কারণে শুক্রবার দুই উপজেলায় বিদ্যুৎ থাকবে না

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলায় শুক্রবার (৬ মার্চ) একটানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জেলার ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি-নেসকো জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী এস এম মোহাইমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২ এর অধীন সদর উপজেলা এবং শিবগঞ্জ উপজেলার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন থাকবে। তবে উপকেন্দ্রের মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে, সেজন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।