logo

বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ধ্বংসের মুখে ২০০ বছরের বাজার

বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ধ্বংসের মুখে ২০০ বছরের বাজার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বাজার আবারও বেতনা নদীর তীব্র ভাঙনের মুখে পড়েছে। প্রায় ২০০ বছরের পুরোনো এই বাজারটি উপজেলার অন্যতম বৃহৎ বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর প্রবল স্রোতের তোড়ে বাজারসংলগ্ন পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের বেড়িবাঁধ ধসে পড়ছে। এতে বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, অপরিকল্পিত নদী খনন ও ব্যবস্থাপনার অভাবেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। তাদের দাবি, নদীর বাহাদুরপুর অংশে দীর্ঘদিন ধরে পলি জমে থাকলেও সেখানে খনন না করে ভাঙনকবলিত বুধহাটা এলাকার পাশেই খনন করা হয়েছে। ফলে নদীর স্রোতের গতিপথ বাজারের দিকে চলে এসেছে।

গত কয়েক দিনে প্রায় ১৫ থেকে ২০ হাত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে ভাঙনকবলিত এলাকায় নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি একটি খেয়া নৌকা ঘাটে ভিড়তে গেলে পাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় শিশুসহ সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। তবে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের মতে, শুধু বালুর বস্তা ফেলে এই বাজার রক্ষা করা সম্ভব নয়। দ্রুত নদীর অপর পাড়ে জমে থাকা পলি অপসারণ করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে এবং স্রোতের দিক পরিবর্তনের ব্যবস্থা নিতে হবে। তা না হলে বুধহাটা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড–২ এর নির্বাহী পরিচালক আব্দুর রহমান তাসকিয়া বলেন, নদী খননের ফলে তোলা মাটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সেখানে কোনো বেড়িবাঁধ থাকলে বিষয়টি দেখা হবে।

তবে বুধহাটা বাজার নদীভাঙনে বিলীন হওয়ার আশঙ্কা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, খাসজমি রক্ষা করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।

এ বিষয়ে সচেতন মহলের দাবি, পানি উন্নয়ন বোর্ডের মূল বাঁধ বহু বছর ধরেই নদীতে বিলীন হয়ে আসছে। বর্তমানে নতুন করে তৈরি বাঁধও ধীরে ধীরে সরে বাজারের দিকে চলে এসেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো বাজার ও আশপাশের জনবসতি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।