৫০ বছরের পুরোনো রাস্তায় বেড়া, ১৫ পরিবার অবরুদ্ধ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধূল্যা কাজদিঘী গ্রামে প্রায় দুই মাস ধরে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ১৫টি পরিবারের প্রায় ৫০ জন সদস্য চরম দুর্ভোগে পড়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন অংশে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, ৫০ বছরেরও বেশি সময় ধরে তারা রাস্তাটি ব্যবহার করে আসছেন। জমি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি কয়েকজন ব্যক্তি রাস্তাটি বন্ধ করে দেন। স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি বলে জানান তারা।
গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া লিখিত আবেদনে স্থানীয় বাসিন্দা মো. মতিয়ার রহমান রাস্তাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগী নাসিমা বলেন, তার শাশুড়ির পা ভেঙে যাওয়ায় চিকিৎসকের কাছে নেওয়া কঠিন হয়ে পড়েছে। তার দুই সন্তান মাদ্রাসায় পড়ে। রাস্তা বন্ধ থাকায় ১০ মিনিটের পথ ঘুরে যেতে প্রায় আধাঘণ্টা সময় লাগে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি এখন জীবিত থাকতে মৃতের মতো বসবাস করছি। সরকারের কাছে দাবি, আমাদের একটি স্থায়ী রাস্তা করে দেওয়া হোক, যেন কেউ আর রাস্তাটি আটকাতে না পারে।
আরেক বাসিন্দা জাহিদা আক্তার বলেন, রাস্তা বন্ধ থাকায় শিশুদের স্কুলে যাওয়া-আসা এবং গবাদিপশুর দুধ ও অন্যান্য পণ্য পরিবহনে তীব্র সমস্যা হচ্ছে। এর আগেও প্রায় দুই বছর রাস্তা বন্ধ ছিল। তখন তার শাশুড়ি ও একমাত্র ছেলের মরদেহ বাড়ি থেকে বের করতেও তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল।
রাস্তা বন্ধের সঙ্গে জড়িত আফজাল হোসেনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার উভয় পক্ষকে উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে ডাকা হয়েছে। সেখানে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

