বদলির সাড়ে ৩ মাসেও কর্মস্থলে যোগ দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বদলি হয়েও দীর্ঘ সাড়ে তিন মাস ধরে কর্মস্থলে যোগ দেননি একেএম ওয়াহিদুজ্জামান। মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় দাপ্তরিক কাজে স্থবিরতা ও সেবাগ্রহীতাদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
তাকে তিন কর্মদিবসের মধ্যে যোগদানের চূড়ান্ত নির্দেশ দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। গত বুধবার (১১ মার্চ) মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। শুক্রবার (১৩ মার্চ) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওয়াহিদুজ্জামান পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ২০২৫ সালের ২৭ নভেম্বর মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়। বদলি আদেশ জারি হওয়ার সাড়ে ৩ মাস হয়ে গেলেও তিনি এখন পর্যন্ত নতুন কর্মস্থলে যোগদান করেননি।
দীর্ঘদিন পদটি শূন্য থাকায় শিবগঞ্জ উপজেলায় দাপ্তরিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির তদারকি, সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন এবং নারীদের উন্নয়নমূলক প্রকল্পের প্রশাসনিক কাজগুলো ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অভাবে সাধারণ সেবাগ্রহীতারা প্রতিদিন দপ্তরে এসে ফিরে যাচ্ছেন।
উদ্ভূত পরিস্থিতিতে অধিদপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওয়াহিদুজ্জামানকে এই চিঠি পাওয়ার ৩ কর্মদিবসের মধ্যে অবশ্যই বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে।
আদেশটি কার্যকর করতে এবং বিষয়টি তদারকির জন্য পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের অনুলিপি পাঠানো হয়েছে ।
এ বিষয়ে জানতে একেএম ওয়াহিদুজ্জামানের ফোনে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগ করেও তার সাড়া পাওয়া যায়নি।