নড়িয়ায় পদ্মার তীররক্ষা বাঁধে ৫০ মিটারজুড়ে ফাটল, নদীপাড়ে আতঙ্ক

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটারজুড়ে দীর্ঘ ফাটল দেখা দিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতের দিকে বাঁধের ওই অংশে ফাটল দেখা দেয়। এতে নদীতীরবর্তী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বাঁধ ধসে পড়ার আশঙ্কায় সুরেশ্বর মাছঘাট এলাকার অনেক ব্যবসায়ী ইতিমধ্যেই দোকানপাটের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন। ফাটলটি ধীরে ধীরে সম্প্রসারিত হতে থাকায় পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোররাতে সুরেশ্বর মাছঘাট এলাকার পদ্মার তীররক্ষা বাঁধে হঠাৎ ফাটল দেখা দেয়। সকালে আলো ফুটলে বিষয়টি নজরে আসে এবং সময়ের সঙ্গে ফাটলটি বিস্তৃত হয়ে প্রায় ৫০ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে বাঁধটির স্থায়ী সুরক্ষা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান এবং শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দীনসহ প্রশাসনিক কর্মকর্তা ও প্রকৌশলীরা। তারা ঘটনাস্থল ঘুরে দেখে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, সুরেশ্বর মাছঘাট এলাকায় তীররক্ষা বাঁধে ফাটলের তথ্য পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। ফাটলের গভীরতা ও ঝুঁকির মাত্রা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতির যেন আরও অবনতি না ঘটে এবং স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করা যায়, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
