শিশুকে বিসিজির বদলে দেওয়া হলো জলাতঙ্কের টিকা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ দিন বয়সী এক নবজাতককে বিসিজির (ব্যাসিলি কালমেটি-গুরেন) নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের (র্যাবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন শিশুটির পরিবার।
বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় যে, হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়, নিয়মিত বিসিজি টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্ক রোগের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগের নিয়মিত টিকাদান কার্যক্রম চলছিল। একই সঙ্গে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রমও পরিচালিত হচ্ছিল। এ সময় পৌর শহরের ছাব্বিশা গ্রামের ফারুকের ৩৫ দিন বয়সী মেয়ে ফাতিহাকে বিসিজির টিকা দেওয়ার কথা ছিল। অভিযোগ রয়েছে, এ সময় স্বাস্থ্য পরিদর্শক আব্দুল কাইয়ুম ভুলবশত শিশুটিকে জলাতঙ্কের টিকা দিয়ে দেন।
এ ঘটনায় শিশুটির পরিবার নবজাতকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বিষয়টি জানানো হলে আব্দুল কাইয়ুম প্রথমে গুরুত্ব না দিয়ে বলেন, কিছু হবে না। পরে তিনি ভুলের বিষয়টি স্বীকার করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনুরোধে অবসরের পরও তিনি টিকাদান কার্যক্রমে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
এদিকে নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িকভাবে জলাতঙ্কের টিকা প্রদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুলবশত ভিন্ন টিকা প্রয়োগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।