নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল ফুটপাতে

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আইরিশ হোটেলের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত বুলেট বৈরাগী (৩৫) কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন।
জানা গেছে, গত ২৪ এপ্রিল চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ শেষে রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বুলেট বৈরাগী। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার একাধিকবার মোবাইল ফোনে কথা হয়। সর্বশেষ ২৫ এপ্রিল রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে পরিবারের সদস্যদের জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় নিখোঁজের বাবা সুশীল বৈরাগী আজই সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন এশিয়া পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।