সাঘাটায় সালাউদ্দিন হত্যা মামলা প্রত্যাহারের দাবি, বিএনপি নেতা বহিষ্কারের সিদ্ধান্ত

গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা সালাউদ্দিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে উপজেলা বিএনপি। একই সঙ্গে বিএনপির নাম ব্যবহার করে নিরীহ মানুষকে হয়রানি ও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দলটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতারা এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২১ জুন বোনারপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে সাইফুল্লাহ বারী নিহত এবং সালাউদ্দিন গুরুতর আহত হন। ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তি-কেন্দ্রিক দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানায় উপজেলা বিএনপি। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সাইফুল্লাহ বারী হত্যা মামলায় তার বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ দিন পর আহত সালাউদ্দিনের মৃত্যু হয়। তার মৃত্যুর পর নতুন করে আরও পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
বিএনপি নেতাদের অভিযোগ, নতুন মামলায় জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাক আহমেদ মিলন এবং জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক ও সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমানকেও আসামি করা হয়েছে।
তারা আরও দাবি করেন, ব্যক্তিগত আক্রোশ, অর্থ-বাণিজ্য ও অসৎ উদ্দেশ্যে নির্দোষ ব্যক্তিদের হয়রানি করতে মামলাটি করা হয়েছে। তারা মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের জোর দাবি জানান।
একই সঙ্গে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম ও নিরীহ মানুষকে হয়রানির কাজে জড়িত থাকার অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা বিএনপির নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ, যুগ্ম সদস্যসচিব মঈন প্রধান লাবু, মোস্তাক আহমেদ মিলন, আনিসুর রহমানসহ উপজেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।


