Advertisement

কার্গো ফ্লাইটে রাজশাহী থেকে মাছ রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, রাজশাহী
কার্গো ফ্লাইটে রাজশাহী থেকে মাছ রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাজশাহীতে কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহীতে উৎপাদিত মাছ জেলা থেকে কার্গো ফ্লাইটে করে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

Advertisement

তিনি বলেন, কার্গো ফ্লাইটে মাছ রপ্তানির জন্য রাজশাহী বিমানবন্দর সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হচ্ছে।

এর আগে, মন্ত্রী রাজশাহী কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

ভূমিমন্ত্রী বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। কোনো কোনো ক্ষেত্রে দেশের অবস্থান প্রথম ও দ্বিতীয় পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে মৎস্য খাত আরও সম্প্রসারিত হয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

তিনি বলেন, রাজশাহীর আশপাশের খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় কৃষক ও চাষিরা মাছ উৎপাদন করে তা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এ ক্ষেত্রে দেশীয় পদ্ধতি অনুসরণ করে নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের জন্য চাষিদের প্রতি আহ্বান জানান তিনি।

মিনু বলেন, ভবিষ্যতে বিশ্বে মিঠা পানির গুরুত্ব অনেক বেড়ে যাবে। জ্বালানি তেলের চেয়েও বিশুদ্ধ পানির মূল্য অনেক বেশি হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে নদীর পানি ও পানির উৎসকে কেন্দ্র করে বিরোধের কথাও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের বিপুল মিঠা পানির সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক সম্ভাবনা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশের বেশ কয়েকটি খাত বিশ্বে আরও শক্ত অবস্থান তৈরি করবে। এর মধ্যে মৎস্য খাত অন্যতম। তরুণ প্রজন্মকে শিক্ষা গ্রহণের পাশাপাশি দেশের সম্ভাবনাময় খাতগুলোতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আনম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টরা।

বিষয় :