logo

বাসার সামনে পড়ে থাকা বস্তা ঘিরে রহস্য, খুলতেই যা মিলল

বাসার সামনে পড়ে থাকা বস্তা ঘিরে রহস্য, খুলতেই যা মিলল
জামালপুর শহরের কাছারিপাড়া এলাকার একটি বাসার সামনে পড়ে আছে মুখবাঁধা সাদা বস্তা। ছবি: এশিয়া পোস্ট

জামালপুর শহরের কাছারিপাড়া এলাকার একটি বাসার সামনে সকাল থেকে পড়ে ছিল মুখবাঁধা একটি সাদা বস্তা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বস্তা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। বস্তাটির ভেতরে কী রয়েছে, এনিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। অবশেষে পুলিশের উপস্থিতিতে রহস্যময় সেই বস্তা খোলার পর মেলে আসল উৎস।

রোববার (১১ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে শহরের ফকিরপাড়া মোড় থেকে বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটি খোলার পর ভেতরে দেখা যায় একটি মৃত পচা কুকুর।

এর আগে, সকাল থেকে ভাড়াটিয়া সাত্তার মিয়ার বাসার সামনে কারু নিলয় হ্যান্ডিক্র্যাফট স্ক্রিন প্রিন্টারের সামনে বস্তাটি পড়ে থাকতে দেখা যায়। এটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোয় আশপাশের বাসিন্দারা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামালপুর সদর থানা-পুলিশ।

স্থানীয় বাসিন্দা পাওয়ার খান বলেন, ‘সকাল থেকে ঘরে থাকতে পারছি না। কে বা কারা বস্তাটি ফেলে গেছে, তা বলতে পারছি না। এত দুর্গন্ধ যে বাসার ভেতরেও থাকা যাচ্ছিল না।’

স্থানীয় বাসিন্দা রিপন বলেন, ‘বস্তার ভেতরে কুকুর পাওয়া গেছে। শহরের ভেতরে এভাবে কে বা কারা বস্তায় ভরে কুকুর ফেলে যায়, তা বোধগম্য নয়। বস্তাটি থেকে এত দুর্গন্ধ ছড়াচ্ছিল যে ঘরে থাকাও কঠিন হয়ে পড়েছিল। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া উচিত।’

সোহাগ নামে আরেক বাসিন্দা বলেন, ‘সকাল থেকে বস্তাটি পড়ে থাকতে দেখে দুর্গন্ধ ছড়ানোয় আমরা চিন্তিত ছিলাম। বস্তার ভেতরে কী আছে, তা নিয়ে উদ্বেগ ছিল। পরে পুলিশ ও পৌরসভার লোকজন এসে সেটি নিয়ে গেছেন।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে বস্তাটি উদ্ধার করে নিয়ে যান। বস্তাটির ভেতরে একটি কুকুর পাওয়া গেছে। কে বা কারা বস্তাটি সেখানে ফেলে গেছে, তা জানা যায়নি।’