মাদকের টাকার জন্য ঘরে আগুন দিলেন যুবক

পটুয়াখালীতে মাদকের টাকার জন্য নিজ বসতঘরে আগুন দিয়েছেন বিশ্বজিৎ রয় বিশু নামে এক যুবক। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) সকালে শহরের টাউন জৈনকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্বজিৎ রয় বিশু ওই এলাকার অতুল রয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি ও নির্যাতন করতেন বিশ্বজিৎ। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী, সন্তান ও মা বাড়ি ছেড়ে ঢাকায় চলে গেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
রোববার সকালে মাদকের টাকার জন্য পারিবারিক কলহের একপর্যায়ে তিনি নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে স্থানীয়রা বিশ্বজিৎ রয় বিশুকে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা জানান, আগুন লাগানো ব্যক্তি মাদকাসক্ত এবং তাকে বেঁধে রাখা হয়েছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু এটি তার বাবার ঘর, তাই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।