সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: নিতাই রায় চৌধুরী

কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। মাঠের সোনালি ফসল ফলাতে সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মুখের খাবার নিয়ে কেউ নয়ছয় করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কেউ কারসাজি করলে তার ঠিকানা হবে হাজত। কৃষকের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, কৃষক যেন নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে হবে। সার নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার কৃষকদের প্রয়োজনীয় সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিতকরণকে অগ্রাধিকার দিচ্ছে। কোনো ব্যক্তি বা ব্যবসায়ী অনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে।
মতবিনিময় সভায় শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, শালিখা উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন এবং সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


