খুলনায় ৫টি পিস্তল ও গুলিসহ নারী গ্রেপ্তার

খুলনা মহানগরীর নিজ খামার এলাকা থেকে ৫টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুরাইয়া পারভিন সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাদকের চালান সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ঢাকায় যাবে–এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদক অধিদপ্তরের কর্মকর্তারা যৌথ অভিযান চালায়। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস নিজ খামার এলাকায় পৌঁছলে গাড়িতে তল্লাশি চালানো হয়। সুরাইয়া পারভিনের শরীর ও ব্যাগ থেকে ৫টি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে লবণচরা থানায় নেওয়া হয়।