১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে আটক ৬ রিকশাচালক

ফরিদপুর সদরের মাচ্ছর ইউনিয়নের ধূলদী রেলগেট এলাকায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজন করায় ছয় রিকশাচালককে আটক করেছে পুলিশ।
১৫ আগস্ট নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শোক দিবসের কর্মসূচি পালনে খিচুড়ি রান্না করা হচ্ছে—এমন সন্দেহে শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়।
তবে পুলিশের তদন্তে এ অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। আটক ব্যক্তিরা নিরীহ রিকশাচালক এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। তা সত্ত্বেও আটকের প্রায় ২৯ ঘণ্টা পর শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টা পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হয়নি।
আটকরা হলেন—মজিদ শেখ (৫৫), হারুন শেখ (৫৫), আনোয়ার মোল্লা (৫০), তার ভাই মানোয়ার মোল্লা (৪৮), ইউসুফ শেখ (৪৫) ও তার ছেলে রহিম শেখ (২৩)। শুক্রবার দুপুর ১টার দিকে ধূলদী রেলগেট সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠিত হয়। এরই অংশ হিসেবে বিভিন্ন স্থানে আঞ্চলিক কমিটি গঠনের কাজ চলছিল। শুক্রবার ধূলদী রেলগেট এলাকায় কমিটি গঠন উপলক্ষে শ্রমিকরা নিজেদের খরচে খিচুড়ি রান্নার আয়োজন করলে আওয়ামী লীগের কর্মসূচি সন্দেহে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। অন্যায়ভাবে শ্রমিকদের আটকে রাখা হয়েছে। পুলিশ ছেড়ে দেওয়ার কথা বললেও শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হয়নি।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, যে অভিযোগের ভিত্তিতে শ্রমিকদের থানায় আনা হয়েছিল, তদন্তে তার কোনো সত্যতা মেলেনি। তারা সবাই নিরীহ রিকশাচালক। তাদের দ্রুতই ছেড়ে দেওয়া হবে।



