‘জিয়াবাড়ি’ ঘুরে দেখলেন তারেক রহমান
বগুড়ার গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে তিনি তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ বাড়িতে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান জিয়াবাড়িতে গিয়েছিলেন।
‘জিয়াবাড়ি’ পরিদর্শনের আগে প্রধানমন্ত্রী বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে নারীদের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন।
এ ছাড়া বাগবাড়ির নশিপুর এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান।
এর আগে বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশনের কার্যক্রম উদ্বোধন এবং আদালত ভবন থেকে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু করেন প্রধানমন্ত্রী।