এক দশকেও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে ৪৫ গ্রামের বাসিন্দা

বান্দরবানের রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়নে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক এক যুগ আগে ইটের সলিং (এইচবিবি) করা হলেও এখনো পাকা করা হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষের বসবাসকারী ৪৫টি গ্রামের বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশ অংশে ইট উঠে গেছে। কোথাও কাদা, কোথাও বড় বড় গর্ত-সব মিলিয়ে এটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়। পিচ্ছিল ও কাদাময় এই সড়কে ট্রাক, ভ্যান, মোটরসাইকেল চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে অনেককেই হেঁটে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সিংমং মারমা, চশৈ মারমা ও শৈসিং মারমা বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষকরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছেন না। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে রোগীদের থানছি উপজেলা বা রুমায় নিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ব্যবসায়ী মো. আমিন, মেরংন ম্রো ও মেলুন ম্রো বলেন, সড়কটি পাকা না হওয়ায় ব্যবসা পরিচালনা ব্যাহত হচ্ছে। সড়ক উন্নত হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং যাতায়াত সহজ হবে।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান উচমং মারমা বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এইচবিবি সড়কটি বর্ষায় সম্পূর্ণ অচল হয়ে পড়ে। টেকসই উন্নয়নের জন্য দ্রুত সড়কটি পাকা করা জরুরি।