logo

রংপুর থেকে বাসে সাভারে এসে মশাল মিছিলের চেষ্টা, চালকসহ আটক ৬

রংপুর থেকে বাসে সাভারে এসে মশাল মিছিলের চেষ্টা, চালকসহ আটক ৬
রংপুর থেকে যাত্রীবাহী বাসে সাভারে এসে মশাল মিছিলের চেষ্টা। কোলাজ ছবি

রংপুর থেকে যাত্রীবাহী বাসে সাভারে এসে মহাসড়কে মশাল মিছিলের প্রস্তুতিকালে একটি যাত্রীবাহী বাসসহ ছয়জনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মশাল ও মিছিলের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় ব্যারিকেড দিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসে এসে মহাসড়কে হঠাৎ মশাল মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে ঢাকা জেলা ডিবি পুলিশের একটি দল রাজ ফুলবাড়িয়া এলাকায় তাৎক্ষণিক ব্যারিকেড দেয়। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা ‘হানিফ পরিবহন’ লেখা স্টিকারযুক্ত বাসটি আটকে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। বাকি যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে চালক ও হেলপারসহ ছয়জনকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের রাজনৈতিক পদ-পদবি ও বিস্তারিত পরিচয় নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ চলছে। বাসটি হানিফ পরিবহনের নিজস্ব বা দূরপাল্লার গাড়ি নয়। স্থানীয় একটি বাসে হানিফ পরিবহনের স্টিকার লাগিয়ে ভাড়ায় এ কাজে ব্যবহার করা হচ্ছিল।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, অভিযুক্তরা দূরপাল্লার যাত্রীবাহী বাসে এসে অতর্কিত মশাল মিছিল বের করে দ্রুত সটকে পড়ার পরিকল্পনা করছিল। বাসটিতে জ্বালানি থাকায় এবং স্থানীয় উৎসুক জনতার উপস্থিতিতে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ দ্রুততম সময়ে আটক ব্যক্তিদের নিরাপদ হেফাজতে নিয়ে থানায় পাঠায়। একই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।