logo

পটিয়ায় একই ট্রেনের পরপর দুই দুর্ঘটনা

পটিয়ায় একই ট্রেনের পরপর দুই দুর্ঘটনা
পটিয়ায় কমল মুন্সির হাট এলাকায় রেললাইনে উঠে পড়া কাভার্ডভ্যানকে ধাক্কা দেওয়ার পর লাইনচ্যুত কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ও দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ডভ্যান। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের পটিয়ায় রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সংঘর্ষের পর ট্রেনটি আবার যাত্রা শুরু করার কিছুদূর পর একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে পটিয়া উপজেলার কমল মুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কমল মুন্সির হাট এলাকা অতিক্রম করার সময় একটি কাভার্ডভ্যান রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। চালক ও যাত্রীরা সময়মতো সরে যেতে পারায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত রেললাইন থেকে ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হয়। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে আবার যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে চাকাটি মেরামতের কাজ শুরু করে।

রোববার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় একটি গেটম্যানবিহীন রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হন। পরপর দুই দিন চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ক্রসিংয়ে দুর্ঘটনার ঘটনায় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।