বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার

হবিগঞ্জের বিভিন্ন বসতবাড়ি ও আঙিনা থেকে ১৩৭টি বিষধর সাপ ও পাঁচটি সাপের ডিম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) উদ্ধার করা এসব সাপ বর্তমানে হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের হেফাজতে রয়েছে। উপযুক্ত ও নিরাপদ প্রাকৃতিক পরিবেশ নির্ধারণ করে শিগগিরই এগুলো অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া সাপের মধ্যে রয়েছে ৭০টি পদ্ম গোখরা, ৬০টি খৈয়া গোখরা ও সাতটি দাঁড়াশ। এছাড়া উদ্ধার করা হয়েছে পাঁচটি সাপের ডিম। এরই মধ্যে কয়েকটি ডিম থেকে বাচ্চাও ফুটেছে।
সম্প্রতি জেলার বিভিন্ন এলাকার বসতবাড়ি, আঙিনা ও আশপাশের স্থান থেকে এসব সাপ উদ্ধার করা হয়। লোকালয়ে সাপের উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা সংগঠন জীববৈচিত্র্য ফেডারেশনের সদস্যরা এসব সাপ উদ্ধার করেন।
উদ্ধারের পর সাপগুলো জীববৈচিত্র্য ফেডারেশনের উদ্যোগে হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়। বর্তমানে সাপগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।
বন বিভাগ থেকে জানানো হয়েছে, লোকালয়ের কাছাকাছি কিংবা জনবসতিপূর্ণ এলাকায় সাপগুলো অবমুক্ত করা হবে না। মানুষের নিরাপত্তার পাশাপাশি সাপের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে নিরাপদ কোনো প্রাকৃতিক স্থানে এগুলো অবমুক্ত করা হবে। এজন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজ চলছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, স্থান নির্ধারণের পর শিগগিরই সাপগুলো প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, উদ্ধার করা সাপগুলোকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হলে একদিকে যেমন মানুষের ঝুঁকি কমবে, অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা পাবে।
