সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

রাঙামাটি শহরে সাত বছর বয়সি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শিশুটি তার নিজ বাসার সামনে অবস্থান করছিল। এ সময় তার চাচাতো ভাই জোরপূর্বক তুলে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। নির্যাতনের পর শিশুটি নিজের ঘরে ফিরে গেলে তার বড় বোন শরীরে রক্ত দেখতে পায়। বোনকে সব কথা খুলে বলার পর স্বজনরা তাৎক্ষণিক তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর চিকিৎসা শুরু করা হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। পুলিশের একাধিক বিশেষ টিম তাকে খুঁজছে। এই ঘটনায় এখনও মামলা হয়নি।