logo

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলায় এনডিএফ’র উদ্বেগ

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলায় এনডিএফ’র উদ্বেগ
ছবি: সংগৃহীত

শরীয়তপুর সদর হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

শনিবার (১৬ মে) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনডিএফর সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ প্রতিবাদ জানান।

এনডিএফ নেতারা বলেন, গতরাতে শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্ব পালনরত অবস্থায় ডা. নাসির একজন সংকটাপন্ন রোগীসহ একাধিক জরুরি রোগীর চিকিৎসাসেবা প্রদান করছিলেন। অতিরিক্ত রোগীর চাপ, সীমিত জনবল ও প্রতিকূল পরিবেশের মধ্যেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। উক্ত রোগী কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত ছিলেন এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সর্বোচ্চ চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

তারা আরও বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হাসপাতালে হামলা চালায় এবং কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরকে নির্মমভাবে মারধর করে। হাসপাতালের দরজা-জানালা ভাঙচুর করে হামলাকারীরা চিকিৎসকের উপর বর্বর আক্রমণ চালায়। এমনকি আত্মরক্ষার্থে ওয়াশরুমে আশ্রয় নেওয়ার পরও তাকে সেখান থেকে টেনে বের করে মারাত্মকভাবে আহত করা হয়। এ ঘটনায় দায়িত্বরত আনসার সদস্যরাও গুরুতর আহত হয়েছেন।

নেতৃদ্বয় বলেন, একজন চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত রোগীদের সেবা দিয়ে থাকেন। অথচ বারবার চিকিৎসকদের ওপর হামলা, ভয়ভীতি ও অপমানজনক আচরণের ঘটনা ঘটলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

এনডিএফ নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান চিকিৎসক নেতারা।