বৃক্ষ সংরক্ষণে অবহেলা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ফরিদুল

কোনো প্রতিষ্ঠানের অবহেলায় গাছ নষ্ট হলে বা মারা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (১১ জুলাই) বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি। গাছ ঠিক উল্টো কাজটি করে। তাই মানুষের জীবন ও গাছের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। গাছ ভালো থাকলে, আমরাও ভালো থাকব।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে নিমগাছ রোপণ করেছিলেন। হজে যাওয়া মানুষ জানেন, তীব্র রোদে মধ্যে নিমগাছ স্বস্তি দেয়। একজন পণ্ডিত ব্যক্তি বলেছিলেন, যার বাড়িতে নিমগাছ আছে, তার বাড়িতে ডাক্তারের প্রয়োজন কম হয়।
গাছ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রকৃতি ও গাছপালা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের প্রতিটি বিষয় সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। পৃথিবীর প্রতিটি জীবজন্তু ও উদ্ভিদের প্রয়োজনীয়তা রয়েছে। সন্তানদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শিক্ষা দিতে হবে।
তিনি বলেন, সরকার ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষ রোপণ, শিক্ষা, স্বাস্থ্য, নদী-খাল খনন, কর্মসংস্থান ও পরিবেশ সংরক্ষণ নিয়ে নিয়মিত কাজ করছে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠানের অবহেলায় গাছ নষ্ট হলে বা মারা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
এর আগে, জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন শেখ ফরিদুল ইসলাম। পরে বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা শেষে জেলা পরিষদ ভবনের পশ্চিম পাশে একটি ঔষধি ও একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন তিনি।




