logo

৫০ লাখ টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

৫০ লাখ টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
উদ্ধার করা গুলির খোসা ও গুলিতে ক্ষতিগ্রস্ত জানালা। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

যশোরের বেনাপোলে পাওনা ৫০ লাখ টাকা ফেরত চাওয়ায় এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে তিন রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে সিসি ক্যামেরার ফুটেজে অভিযুক্তদের দেখা গেলেও কাউকে পুলিশ এখন পর্যন্ত আটক করতে পারেনি।

শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে চেকপোস্ট এলাকার ভাড়া বাড়িতে গুলির এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সোহাগ বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। সে রেইন্টেকার ব্যবসায়ী বলে জানা গেছে।

ভুক্তভোগী জানান, তিনি ব্যবসায়িক লেনদেনের ৫০ লাখ টাকা পেতেন আশা নামের এক ব্যক্তির কাছে। পাওনা টাকা ফেরত চাওয়ায় তারা হত্যার হুমকি দিয়ে আসছিল। শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফেরেন তিনি। কিছুক্ষণ পর দেখতে পান ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল তার বাড়িতে এসে আবারও হুমকি দিয়ে ঘরের গ্লাস ও দরজায় তিন রাউন্ড গুলি করে চলে যায়। এ সময় কোনো রকমে তিনি জীবনে বেঁচে যায়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেছেন জানান তিনি।

এদিকে লোকালয়ে ঢুকে প্রকাশ্যে গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। নিরাপত্তা শঙ্কায় ভুগছেন বলেও অভিযোগ তুলেছেন তারা। গুলির বিষয়ে জানতে অভিযুক্তের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি।

এ বিষয়ে বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক লেনদেন নিয়ে হামলার ঘটনা ঘটেছে।