মাদকবিরোধী অভিযানে পুলিশকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হন এক অস্ত্রধারী। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইসদাইর এলাকার রাজ্জাকের ছেলে জসিম (২৪) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ইসদাইর এলাকায় ৭-৮ জন মাদক কারবারি অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানা-পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার তাদের পিস্তল থেকে আট রাউন্ড পাল্টা গুলি চালান। এতে জসিমের উরুতে গুলি লাগে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।
-dd93fe.jpg)
পরে পুলিশ আহত অবস্থায় জসিম ও তার সহযোগী মোহনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। আহত তিন পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর অস্ত্রধারীরা হামলা ও গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন পুলিশ সদস্য ও এক অস্ত্রধারী আহত হন। অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



