বল তুলতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলাজুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো শৈলাজুড়া গ্রামের মধু সরকারের আট বছরের ছেলে শ্রাবণ ও ছয় বছরের সৌরভ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলছিল দুই ভাই। একপর্যায়ে তাদের খেলার বল পাশের একটি ডোবায় পড়ে যায়। বলটি আনতে গিয়ে প্রথমে ছোট ভাই সৌরভ ডোবায় পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই শ্রাবণও তলিয়ে যায়।
দীর্ঘ সময় দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের ডোবায় তাদের ভাসতে দেখেন স্বজনরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
