সেচপাম্পের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম শেখ উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের মুক্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়ারী গ্রামের আব্দুর রহমানের মাঠে একটি সেচপাম্প স্থাপন করা রয়েছে। ওই পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। স্থানীয়দের ধারণা, রাতে বা ভোরের কোনো এক সময় সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পাশের ইসহাক মোল্যার ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, শনিবার সকালে তার ভাতিজি তাল কুড়াতে গিয়ে ধানক্ষেতের মধ্যে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি দেখে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় ইব্রাহিমের হাতে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল। এ ছাড়া তার কোমরে একটি কাটিং প্লায়ার্স গোঁজা অবস্থায় পাওয়া যায়। এসব আলামত দেখে স্থানীয়দের ধারণা, সেচপাম্পের মোটর বা বিদ্যুতের তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার কাটতে গিয়ে ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


