Advertisement

হাটে যাওয়ার পথে দিনমজুরকে পিটিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, জয়পুরহাট
হাটে যাওয়ার পথে দিনমজুরকে পিটিয়ে হত্যা
হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্যামল চন্দ্র মালী (৫০) কাশিড়া গ্রামের মৃত বীরেন মালির ছেলে। অভিযুক্ত হাসান আলী (৩৫) পার্শ্ববর্তী ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের বুদা মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার বিকেলে শ্যামল চন্দ্র মালী কাশিড়া হাটে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে কাশিড়া সড়কে হাসান আলীর সঙ্গে তার দেখা হয়। এ সময় গ্রামের একটি জমির ধান কাটার বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্যামল হাটের দিকে রওনা দিলে কিছুক্ষণ পর হাসান আলী একটি গাছের ডাল দিয়ে তার মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর অভিযুক্ত হাসান আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী প্রায় এক কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, হাসান আলী মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিহতের মরদেহ জরুরি বিভাগের সামনে রাখা রয়েছে। সেখানে স্ত্রী দীপালী মালীসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। স্ত্রী দীপালী বলেন, আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার ছেলে-মেয়েরা আজ এতিম হয়ে গেল।

এ বিষয়ে আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত হাসান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।