ঘোড়াশাল সার কারখানা প্রাঙ্গণ থেকে হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় ঘোড়াশাল সার কারখানা (ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি) প্রাঙ্গণ থেকে হাত-পা বিচ্ছিন্ন অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে কারখানাটির নাগমন্দিরের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মন্দিরের পাশে কাজ করার সময় শ্রমিকরা মরদেহটি পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে তারা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পুরুষের। তার বয়স আনুমানিক ৫৪ বছর হতে পারে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হত্যা করে মরদেহ গুম করার জন্য নির্জন স্থানে ফেলে যায়। পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
