Advertisement

তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

Advertisement

মঙ্গলবার (১৯ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ কুমিল্লার সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, সোমবার (১৮ মে) রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম জহির ইসলাম ওরফে জহির হিজড়া (৪৬)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার জাপর আলীর ছেলে। নিহত তৃতীয় লিঙ্গের ব্যক্তির নাম এনামুল হক শিশির (২৯)।

র‍্যাব জানায়, গত ১৩ মে সকালে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সংলগ্ন একটি টিনশেড বাসায় এনামুল হক শিশিরের হাত-পা বেঁধে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জহিরকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।

র‍্যাব-১১ কুমিল্লার সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু জানান, নিহত শিশির ও আসামিরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি আরও জানান, নিহত শিশির ও আসামিদের বিরুদ্ধে আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।