আপনাদের জন্য শহীদ হব, হিন্দুদের উদ্দেশে মির্জা ফখরুল

নির্বাচনি গণসংযোগে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আপনাদের সঙ্গে আছি; আপনাদের জন্য যদি প্রথম শহীদ হতে হয় তাহলে আমি হব, আমার দলের লোকেরা হবে। তিনি বলেন, আপনাদের পাশে আছি, ছিলাম, থাকব।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি আসনের আকচা ইউনিয়নের বলদাপুকুর এলাকায় গণসংযোগে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের আনন্দ যে হিন্দু-মুসলিম সবাই একটাই চিন্তা করছি আমরা এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে, তাদের এখানে প্রশ্রয় দিতে চাই না; খুব পরিষ্কার কথা। এ জন্য আমাদের ছেলেরা স্লোগান দিচ্ছে। স্লোগানটা আমার খুব পছন্দ হয়েছে, ‘হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট’। এটা খুব ভালো একটা স্লোগান।
বিএনপি মহাসচিব বলেন, আমরা কি আপনাদের এ কথা বললাম যে ধানের শীষে ভোট দিলে স্বর্গে বা বেহেশতে যাবে? আমরা বললাম, যেটাতে দেশের কাজ হবে।
তিনি বলেন, একটা দল ওরা আমার মুসলমান ভাইদের বিভ্রান্ত করার জন্য বলছে যে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে! আমার ইসলাম ধর্মে কোথাও এটা বলা নাই। আমল যে করবে, আল্লাহর নির্দেশে কাজ যে করবে সেই বেহেশতে যেতে পারবে, অন্য কেউ বেহেশতে যেতে পারবে না। এ কথা যারা বলে তারা সঠিক বলে না।
জামায়াতে ইসলামীর নাম না নিয়ে মির্জা ফখরুল বলেন, আরেকটা কথা পরিষ্কার, এটা বলতে আমার কোনো দিধা নেই; ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি এই দেশের জন্য। লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, আমার দুই লাখ মা-বোনের সম্ভ্রম চলে গেছে এই দেশের জন্য। সেই সময় এই দলটা পাকিস্তানকে সাহায্য করেছিল। ভুলে গেছেন নাকি আপনারা? ভুলবেন না।
তিনি বলেন, সুতরাং ওই দলকে বিশ্বাস করা যায় না, যারা আমার স্বাধীনতায় বিশ্বাস করে নাই। এখন মাফও চায় না একদিনের জন্য, ক্ষমাও চায় নাই। সুতরাং তাদের আমরা বিশ্বাস করতে পারি না।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমি আপনাদের এতটুকু বলতে পারি; আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে আসবেন। আর নির্ভয়ে জীবনযাপন করবেন। আমি মির্জা আলমগীর বলছি, আপনাদের সঙ্গে আছি; আপনাদের জন্য যদি প্রথম শহীদ হতে হয় আমি হব, আমার দলের লোকেরা হবে; আপনাদের পাশে আছি, ছিলাম, থাকব।
মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের লোক, আপনাদের জন্য কথা বলেছি, লড়াই করে সংগ্রাম করছি। আমি এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য ১৫ বছর কষ্ট করেছি। আমি ১১৭টা মামলার আসামি হয়েছি, ১১ বার জেলে গেছি এবং সাড়ে তিন বছর জেল খেটেছি। এ জন্য আমার কোনো দুঃখ নাই। আমরা যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, দেশটাকে ভালো করার একটা সুযোগ তৈরি হয়েছে এটাতেই আমাদের আনন্দ।
তিনি বলেন, তাই আসুন আগামী ১২ ফেব্রুয়ারি আমার মার্কা ধানের শীষে সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেবেন। আপনাদের ভোটে বিজয় নিশ্চিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।