logo

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে যারা হাত মেলায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকুন: প্রতিমন্ত্রী ফরহাদ

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে যারা হাত মেলায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকুন: প্রতিমন্ত্রী ফরহাদ
পঞ্চগড়ে করতোয়া নদীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : এশিয়া পোস্ট

দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তরের চেতনাবিরোধী শক্তি ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মেলায়, তাদের বিরুদ্ধেও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী বারুনী এলাকায় করতোয়া নদীর ২৩০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং স্বাধীনতা চায়নি, তারাই এখন দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে স্বাধীনতার শত্রুদের সঙ্গে গোপন চক্রান্ত করছে।

বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৯০ সালের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনও বিএনপি সফল করেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, জামায়াত, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের সঙ্গে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে। বিএনপি সবসময় দেশের স্বার্থ, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং দেশের ২০ কোটি মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও বিএনপি কখনো কারও সঙ্গে আপস করেনি বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আসন্ন স্থানীয় নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকলেও দেশের স্বার্থে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষকে স্থানীয় নির্বাচনে নিজ নিজ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, প্রতিমন্ত্রী করতোয়া নদী এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের নামফলক উদ্বোধন করেন। পরে তিনি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। এ সময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, থানা পুলিশের সদস্য, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।