logo

শৌচাগার থেকে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

শৌচাগার থেকে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

বাগেরহাটে শৌচাগার থেকে মুসলিমা খাতুন সীমা (২৮) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির শৌচাগার থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মুসলিমা খাতুন সীমা (২৮) যাত্রাপুর উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। তাদের ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের কাটা দাগ ও শরীরে রক্ত রয়েছে।

পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় নিহতের মেয়ে তার দাদাকে ডেকে নিয়ে আসেন। পরে তার দাদা উঁকি দিয়ে পুত্রবধূকে পড়ে থাকতে দেখেন। পরে শৌচাগারের দরজা ভেঙে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, যতদূর জেনেছি ভিকটিম একজন মানসিক রোগী ছিল। তার চিকিৎসা গ্রহণের কাগজপত্র পর্যালোচনা করে এ ধারণা হয়। এর আগেও গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।