logo

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে পাচারকারীসহ আটক ৩

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে পাচারকারীসহ আটক ৩
অবৈধভাবে ভারতে যাওয়ার পথে পাচারকারীসহ তিনজনকে আটক করেছে বিজিবি। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মানবপাচারকারীসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানবপাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছেন।

বুধবার (২১ অক্টোবর) রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বাঁশতলা বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মানবপাচারকারী মো. আমির (২২), যশোরের ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের আবুল হোসেন (৪২) এবং বেনাপোল এলাকার ফাতেমা আক্তার (১৮)।

এ ছাড়া পালিয়ে যাওয়া দুই মানবপাচারকারী হলেন দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. অনিক মিয়া (২৪) এবং নওশা খাঁর ছেলে মো. আলাউদ্দিন (৫৪)।

বিজিবি জানায়, মানবপাচারকারী মো. আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। বুধবার রাতে তিনি দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, আটক দুই বাংলাদেশির আত্মীয়স্বজন ভারতে থাকেন। অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আমিরসহ ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের সবাইকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হবে।