বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
বুধবার (২৭ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সবশেষ দুর্ঘটনাটি ঘটে বুধবার দিনগত রাত পৌনে তিনটার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজার-সংলগ্ন বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে। সেখানে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুইজন নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের শ্রী জিতেন্দ্র নাথ মণ্ডলের ছেলে উত্তম মণ্ডল (৩০) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হৃদয় (৩০)। উত্তম হানিফ পরিবহনের ওই বাসের সুপারভাইজার এবং হৃদয় ট্রাকটির সহকারী (হেল্পার) ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস নওগাঁ যাওয়ার পথে বউবাজার এলাকায় চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসের সুপারভাইজার ও ট্রাকের হেল্পারসহ কয়েকজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া চারটার দিকে উত্তম মণ্ডল এবং সকাল সোয়া আটটার দিকে হৃদয়ের মৃত্যু হয়। আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কাহালু উপজেলার ভ্যাপরা এলাকায় নিউ হোপ ফিড মিলের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. রবিউল আউয়াল ওরফে জিয়া (৪২) নামের এক শ্রমিক নিহত হন। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরত বাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকাল সোয়া ছয়টার দিকে নন্দীগ্রাম উপজেলার ফোকপাল রাস্তার মাথায় বগুড়া-নাটোর মহাসড়কে বালুভর্তি দুটি ট্রাকের সংঘর্ষে মো. ইনজামাম (২০) নামের এক ট্রাকের সহকারী নিহত হন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনি গ্রামের ইজ্জত আলীর ছেলে। ওই দুর্ঘটনায় ট্রাকচালক মো. শামীম শেখ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব বলেন, দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পৃথক দুর্ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


