গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে জীবিত উদ্ধার

সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে ১২ জন জেলে নিয়ে ফিশিং বোটটি মাছ ধরতে সাগরে যায়। সেখানে দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সেটি ভাসতে থাকে।
পরদিন ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে মালিকপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তার আবেদন জানান।
সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলা সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে বোটটির অবস্থান শনাক্ত করে ১২ জন জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সাহায্য দেওয়া হয়েছে। বর্তমানে বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সমুদ্রে যে কোনো বিপদে জেলেদের নিরাপত্তায় কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত এবং এ ধরনের জরুরি উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



