logo
Advertisement

রাতে ঘরে ঢুকে কুপিয়ে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করল প্রেমিক

এশিয়া পোস্ট নিউজ, মেহেরপুর
রাতে ঘরে ঢুকে কুপিয়ে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করল প্রেমিক
মেহেরপুর থানা। ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

মেহেরপুর শহরে গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকা স্মৃতি খাতুনকে কুপিয়ে তার ডান হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা ও মাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় অভিযুক্ত সায়ন।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে।

অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। হাত বিচ্ছিন্ন হওয়া স্মৃতি খাতুন ওই এলাকার ব্যবসায়ী সেলিম হোসেনের মেয়ে। হামলায় তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনও গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা জানান, স্মৃতির ডান হাত কবজির ওপর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সেলিম হোসেনের বাড়িতে ঢুকে ট্রাকচালক সায়ন তার প্রেমিকা স্মৃতি খাতুনের ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে সে স্মৃতির ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। এ সময় মেয়ের আত্মচিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা ছুটে এলে তাদের ওপরও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং কুপিয়ে আহত করে পালিয়ে যায় ওই যুবক।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, নৃশংস এই হামলার পর থেকেই অভিযুক্ত সায়নকে গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে।

বিষয় :