logo

সেতু ভেঙে খালে পাথরবোঝাই ট্রাক, ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

সেতু ভেঙে খালে পাথরবোঝাই ট্রাক, ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় একটি ঝুঁকিপূর্ণ গার্ডার সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। ছবি : এশিয়া পোস্ট

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় একটি ঝুঁকিপূর্ণ গার্ডার সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে চেচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০ গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (১৫ মে) ভোরে বান্দাঘাটা-কৈখালী-ভান্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে প্রায় ১০ টন পাথর নিয়ে একটি ট্রাক কাঁঠালিয়ার ষাটকুড়া এলাকায় যাচ্ছিল। পথে জোড়াপুল বাজার-সংলগ্ন দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ গার্ডার সেতুটি অতিক্রম করার হঠাৎ ভেঙে পড়ে যায়। এ সময় ট্রাকটির পেছনের দুটি চাকা বিচ্ছিন্ন হয়ে খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ভেকু ব্যবহার করে ট্রাকটি উদ্ধার করলেও সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। সেতুটি ভেঙে পড়ায় ওই সড়ক দিয়ে চলাচলকারী শত শত মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে চেচরিরামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াতে বিপাকে পড়েছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন এবং ঝালকাঠি সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি টেকসই নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত অপসারণ এবং ভেঙে পড়া সেতুটি জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, সেতুটি অনেক পুরোনো হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আমরা পরিদর্শন করেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যোগাযোগ স্বাভাবিক করার কাজ শুরু করা হবে।