logo

ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

নাটোরের লালপুরে নির্মাণাধীন একটি তিনতলা ভবন থেকে পড়ে শামীম সরকার (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার নওপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম একই উপজেলার নাগশোষা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া গ্রামের জালাল উদ্দিনের নির্মাণাধীন তিনতলা বাড়ির ছাদে কাজ করছিলেন শামীম। এ সময় অসাবধানবশত পা পিছলে তিনি নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে তার সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।