টিসিজেএ’র প্রীতি ফুটবল ম্যাচ/টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়
চট্টগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। ‘টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম’-এর উদ্যোগে আয়োজিত এই ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। পরে রোমাঞ্চকর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে জয়লাভ করে ব্রাজিল।

Advertisement

খেলা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মাঝে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এটি পারস্পরিক সৌহার্দ্য ও মানসিক প্রফুল্লতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে।

ম্যাচের প্রথমার্ধে চরণ টিপুর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলের হয়ে সমতা সূচক গোল করেন অনিক বিশ্বাস। ১-১ গোলে সমতার মধ্য দিয়ে বিরতিতে যায় দুই দল। খেলার দ্বিতীয়ার্ধে এনামুল হকের গোলে লিড নেয় ব্রাজিল। তবে ম্যাচের শেষভাগে সুমন গোস্বামীর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শ্বাসরুদ্ধকর সাডেন ডেথে জয় নিশ্চিত করে ব্রাজিল দল।

ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজক কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিলায়েন্স ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের স্বত্বাধিকারী তহুরা পিংকি ও রহিমা রুহী এবং মাখতুমা মোতাছিম অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, এটিএন বাংলার ব্যুরো চিফ আবুল হাসনাত এবং দীপ্ত টিভির ব্যুরো চিফ লতিফা আনসারী।

আয়োজক সংগঠনের পক্ষে ছিলেন টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন এবং সংগঠনের সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিবসহ স্থানীয় গণমাধ্যমের ব্যক্তিরা।