সিসিটিভি বিকল করে বিচারকের বাসায় চুরি

জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় জানালার গ্রিল কেটে এক বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে মেলান্দহ সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির সাকিল এবং দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক নুসরাত জেরিন জেনির আমলাপাড়া এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। চোর স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন আহমাদুল কবির সাকিল। এ সময় বাসায় কেউ ছিলেন না। সেই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে একটি হীরার আংটি, প্রায় আট ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
বিচারক আহমাদুল কবির সাকিল বলেন, রাত ৮টার দিকে বাসায় ফিরে তিনি দরজার তালা খুলতে পারেননি। প্রথমে তালা নষ্ট হয়েছে মনে করে মিস্ত্রি ডেকে আনা হয়। পরে তালা অক্ষত থাকলেও দরজা না খোলায় সন্দেহ হয়। একপর্যায়ে রাত ৯টার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় জানালার গ্রিল কাটা এবং ঘরের আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
বাড়ির মালিক আনোয়ার হোসেন বলেন, তিনতলা ভবনটিতে পাঁচটি ইউনিট রয়েছে। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে তা অচল। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছে।
জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






