চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বেচ্ছাসেবী সংস্থা বাপসা, মমতা এবং ইপসার (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন) যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য র্যালি। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বাপসা, মমতা ও ইপসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের কর্মীরা এতে অংশ নেন।
আয়োজকরা জানান, আয়োজনে এ বছরের প্রতিপাদ্য অনুযায়ী স্বাস্থ্যসেবায় বৈজ্ঞানিক জ্ঞান ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয় এবং মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশগত স্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে ‘ওয়ান হেলথ’ পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কানাডার হেলথব্রিজ ফাউন্ডেশনের সহায়তা এবং বাপসা, মমতা ও ইপসা কর্তৃক বাস্তবায়িত ‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইমপ্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় বৃহত্তর চট্টগ্রাম মহানগর এলাকায় যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও কমিউনিটি পর্যায়ের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
আয়োজকরা আশা করেন, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যচর্চা প্রসার এবং নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।